চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সারাদেশ

মো.ইব্রাহীম খলিল, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
“তারুণ্যের শক্তি, ঐক্যের প্রত্যয়, খেলাই আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৫ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকেল ৪টায় শশীভূষণ রহিমা ইসলাম কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে আয়োজিত এ মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মীর মো. শরিফ হোসাইন, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. মহিবুল্লাহ জিহাদি, সভাপতি ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট মো. এনামুল হক রায়হান, সহকারী সেক্রেটারি চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী।
স্বাগত বক্তব্য দেন মাওলানা মো. জহিরুল ইসলাম, সভাপতি চরফ্যাশন উপজেলা যুব বিভাগ । পরে টুর্নামেন্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল। অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে চরকলমী একাদশ ও রসুলপুর একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রসুলপুর একাদশকে ১–০ গোলে হারিয়ে জয় পায় চরকলমী একাদশ।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় নজরুলনগর ইউনিয়ন একাদশ ও চরমনিকা ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফলাফল টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩–০ গোলের ব্যবধানে নজরুলনগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয় লাভ করে চরমানিকা ইউনিয়ন একাদশ।
আয়োজকরা জানান, উপজেলার ১৬টি ইউনিয়নের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, জুলাইয়ে চেতনা উজ্জীবিত রাখা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক, অপরাধ ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চরফ্যাশনের তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা যুব বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *