ইব্রাহিম খলিল, চরফ্যাশন(ভোলা): ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অসুস্থ নেতা অধ্যক্ষ মোস্তফা কামালের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ হান্নানুর রশীদ।
সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির, জেলা শূরা সদস্য ও পৌরসভা মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মির শরীফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি, ভোলা জেলা শূরা সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আবুল কাসেম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, পৌরসভা আমীর ও উপজেলা মানবসম্পদ সম্পাদক অধ্যাপক মামুন আলমসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ হান্নানুর রশীদ অধ্যক্ষ মোস্তফা কামালের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনে মোস্তফা কামালের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত সকলের প্রতি তাহাজ্জুদ নামাজে তার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আল্লাহর রহমতে তিনি আবার সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মির শরীফ হোসেন বলেন, “মোস্তফা কামাল শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।” তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের প্রতিটি পরীক্ষায় তিনি অবিচল থেকেছেন এবং কোনো পদ-পদবীর চিন্তা না করে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তায়ালার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আবার মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ মোস্তফা কামালের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
