ইব্রাহিম খলিল, চরফ্যাশন(ভোলা): চরফ্যাশন পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় চরফ্যাশন আল-আরাফা কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পৌরসভা মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা সেক্রেটারি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আবুল কাসেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আমীর অধ্যাপক মামুন আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমীর ও চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল মো. ইব্রাহিম খলিল, পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ৩ নম্বর ওয়ার্ড সভাপতি, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. গোলাম সরওয়ার, পৌরসভা সেক্রেটারি মাওলানা মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ হারুন অর রশীদ বলেন, সমাজের গরিব ও দুঃখী মানুষের কল্যাণে কাজ করা একটি নৈতিক দায়িত্ব। তিনি অভিযোগ করে বলেন, গরিব ও অসহায় মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বরাদ্দ থাকলেও তা অনেক সময় প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় না; বরং অসাধু ব্যক্তিদের মাধ্যমে অপব্যবহার হয়। তিনি আরও বলেন, “আমাদের দল জনগণের সেবা করার সুযোগ পেলে এবং আসন্ন স্থানীয় নির্বাচনে বিজয়ী হলে এসব সুবিধা প্রকৃত অধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, “সরকার কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়; রাষ্ট্রে বসবাসরত প্রত্যেক নাগরিকের জন্যই সরকার। প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত ও পছন্দের অধিকার রয়েছে। তাই একটি দায়িত্বশীল সরকারের উচিত দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করা এবং সবার সমান অধিকার নিশ্চিত করা।”
বক্তারা তাদের বক্তব্যে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের সকল শ্রেণির মানুষকে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি উপস্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মেয়র পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিটি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
