বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
ড. আ জ ম ওবায়েদুল্লাহ (আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ) ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে চট্টগ্রামে আসেন এবং চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার্স, কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ এবং এডওয়ার্ড সাঈদকে ঘিরে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সিনিয়র নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ও পরিচালক, মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহিত্য ও প্রবন্ধ রচনায় বিশেষ অবদান রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে ‘তরুণ তোমার জন্য’, ‘স্বপ্নের ঠিকানা’, এবং ‘সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ’ অন্যতম। এছাড়া তিনি অসংখ্য ইসলামী গান ও সংগীত রচনা করেছেন যা সাংস্কৃতিক অঙ্গনে বেশ জনপ্রিয়।
তিনি জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ প্রতিষ্ঠা করেন। ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’–এর স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
ইসলামী আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনের এই পুরোধা ১১ মে ২০২৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন এবং ভোলার চরফ্যাশনে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
