অধ্যক্ষ মোস্তফা কামালের জানাজা সম্পন্ন, শোকের ছায়া চরফ্যাশন-মনপুরায়

সারাদেশ

ইব্রাহিম খলিল, চরফ্যাশন (ভোলা):
চরফ্যাশন ও মনপুরা উপজেলার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। তিনি চরফ্যাশন ও মনপুরা জামায়াতে ইসলামী’র এমপি প্রার্থী, ভোলা জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে চরফ্যাশন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াত আমীরের প্রতিনিধি ও সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
জানা যায়, গত ২১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল, কল্যাণপুরে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রোববার( ১৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাজায় বরিশাল মহানগরীর আমীর জহির উদ্দিন বাবর, বরিশাল জেলা আমীর আবদুর জব্বার, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজাস্থলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপস্থিত সবাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের ইন্তেকালে চরফ্যাশন ও মনপুরা উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, তার মৃত্যুতে অঞ্চলটি একজন অভিজ্ঞ সংগঠক, সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্বকে হারালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *