মো.ইব্রাহীম খলিল, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরফ্যাশন উপজেলা ও পৌরসভাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমীর, জেলা মজলিসে শূরা সদস্য এবং আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর শরীফ হোসাইন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্ট ও বিবৃতির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় অধ্যক্ষ মীর শরীফ হোসাইন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, কোরবানি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সম্প্রীতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জাগ্রত করুক।”
তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “আসুন, ঈদের আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখি।”
বিবৃতির শেষাংশে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কোরবানি কবুল করার তওফিক কামনা করেন এবং দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে সবাইকে ‘ঈদ মোবারক’ জানান।
