(ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মীর বিরুদ্ধে স্থানীয় এক মসজিদের ইমামকে মারধর ও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তাহজিদ (১৭) ও মো. ফয়সল আহমেদ এলাকায় প্রচার কার্যক্রম চালানোর সময় তাদের পীর সাহেব সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করলে এলাকাবাসীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এ সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হাফেজ আলাউদ্দিন। তিনি ঘটনার একটি ভিডিও ধারণ করলে ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোন ফেলে দেন। তিনি এর প্রতিবাদ জানালে ইসলামী আন্দোলনের কর্মী ফয়সাল তাকে ঘুষি মেরে রক্তাক্ত করে ।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নারী হেনস্তার অভিযোগ তুলে একাধিক পোস্ট ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামী’র দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিডিওতে নারীদের সাথে সামান্য তর্ক করতেও কাউকে দেখা যায় নি,এখানে একটি মহলের ইন্ধনে স্থানীয় ইসলামী আন্দোলন মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ফয়সালের সাথে কথা বললে তিনি জানান, আমাদেরকে জামায়াত কর্মীরা মেরেছে, আমরাও পাল্টা আঘাত করেছি।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনা শুনেছি দু’পক্ষকে শান্ত থাকতে বলেছি।
